Image description

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৫ দিন। দুই ধরনের ছুটি মিলিয়ে মোট ছুটি ২৯ দিন। তবে এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। ফলে কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন।

ঈদুল ফিতরের ছুটির ক্ষেত্রে ঈদের দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে এ ঈদে টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।

অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে এ ঈদে মোট ছুটি হবে টানা ছয় দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটির তালিকা কার্যকর হবে।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

এনএ