ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকদের পাশাপাশি এবার আলোচনায় যোগ দিয়েছেন এনসিপি নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে তার একটি বিশ্লেষণধর্মী ও দার্শনিক রিভিউ দ্রুতই ভাইরাল হয়ে গেছে।
নিজের রিভিউতে হাসনাত আবদুল্লাহ ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার বিভিন্ন চরিত্র ও গল্পকে মানবজীবনের গভীর প্রতিচ্ছবি হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি সিনেমাটির প্রশংসা করে উল্লেখ করেন, এটি কেবল একটি ট্রেনের যাত্রা নয়, বরং মানুষের জীবনের দুঃখ, সংগ্রাম, আশা-নিরাশা এবং বিবর্তনের এক অনন্য রূপান্তর। তার মতে, ‘বনলতা এক্সপ্রেস’ জীবনেরই প্রতীক—যেখানে জন্ম, মৃত্যু ও নতুন শুরুর গল্পগুলো সমান্তরালে চলতে থাকে।
রাজনীতিবিদের এমন গভীর জীবনমুখী বিশ্লেষণ নজর কেড়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদেরও। ‘বনলতা এক্সপ্রেস’ এর পরিচালক তানিম নূর নিজের ফেসবুক প্রোফাইলে হাসনাত আবদুল্লাহর রিভিউটি শেয়ার করে তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। নেটিজেনরাও এই রিভিউয়ের মাধ্যমে সিনেমার সূক্ষ্ম ও শৈল্পিক দিকগুলো নতুনভাবে অনুধাবন করতে পারছেন বলে মন্তব্য করছেন।
উল্লেখ্য, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা, যার মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা ও ইন্তেখাব দিনার। প্রেক্ষাগৃহে সাফল্যের পর বর্তমানে সিনেমাটি একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments