Image description

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। আগামী ২০ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় ফাইনালে ১১ মিনিটের এই বিশেষ আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

ফিফা জানিয়েছে, হাফটাইম শো থেকে সংগৃহীত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এর মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের সহযোগিতায় পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিট-এর চরিত্রগুলো।

বিশ্বকাপে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পৃথিবীর মানুষকে অন্য কিছুর মতো একত্রিত করতে পারে না।’

স্বাস্থ্যগত সমস্যার কারণে দীর্ঘ বিরতির পর চলতি বছরের কোচেলা উৎসবে মঞ্চে ফিরেছিলেন বিবার। এবার বিশ্বকাপের ফাইনালে তিনি আবারও বড় মঞ্চে পারফর্ম করবেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়া শাকিরা ও বার্না বয়ও আবার একসঙ্গে মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান ‘ডাই ডাই’ বিশ্বকাপজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। অন্য ম্যাচগুলোতে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

গোল্ডেন বুটের দৌড়ে ৮ গোল নিয়ে শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার পেছনে ৭টি করে গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হলান্ড। ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ৬টি।