চুরি মামলায় গ্রেপ্তার এক যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে আগৈলঝাড়া থানা চত্বরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান জানান, দুই থেকে তিন শতাধিক নারী-পুরুষ থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন এএসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন ও মেহেদি হাসান। এছাড়া গ্রেপ্তার রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম, বোন শারমিন আক্তার, মমতাজ বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের দাবি, চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। থানার হাজতে থাকাকালে তিনি নিজেই মাথা দেয়ালে আঘাত করলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন থানায় হামলা চালায়।
ওসি আরও জানান, রিয়াজ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার মৃত্যুর খবরটি গুজব। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, রিয়াজের পরিবারের দাবি, তাকে বিনা অপরাধে আটক করে পুলিশ মারধর করেছে, যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




Comments