প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে। সদস্য হিসেবে রয়েছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।
অফিস আদেশে বলা হয়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ৮ জুলাই চূড়ান্ত করা হয়। ফলাফল ওয়েবপোর্টালে প্রকাশের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে।
তাকে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ওয়েবপোর্টালে আপলোড না করার নির্দেশ দেওয়া হলেও, ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়।
অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় অনেকেই ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।




Comments