ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থা ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করলেও তিনি এ আন্দোলনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখিত। এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর’ সমস্যা উল্লেখ করে সালমান বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া প্রশংসনীয়। একই সঙ্গে সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি।
বার্তায় তিনি লেখেন, “এই আন্দোলন, এই প্রতিবাদ—এটাই সঠিক পথ।” শিক্ষার্থীদের ‘সাহসী’ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার প্রতি তাদের এই অঙ্গীকার ভারতের জন্য গর্বের বিষয়।
সালমান আরও বলেন, এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার না করা।
বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে। পাশাপাশি তিনি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভারতে পড়াশোনা করতে আসবে এবং দেশটি একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।




Comments