রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কালশী রোডে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এদিন সন্ধ্যার পর কালশীর ফুলকলি ও আধুনিক মোড় এলাকার সড়ক অবরোধ করে রাখলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’-এর মতো নানা স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
বিক্ষুব্ধ স্থানীয়রা জানান, দেশে বিচারহীনতা ও বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার ও রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি, শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করে। এ ঘটনায় ইতোমধ্যে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments