বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, একসময় যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, তারাই এখন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি এটিকে “মিসাইল নিক্ষেপের মতো ধারাবাহিক অপপ্রচার” বলে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নওগাঁর এ.টিম মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে জাল তথ্য ছড়ানো হচ্ছে। যারা দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চায়, তারাই এই অপপ্রচারের পেছনে জড়িত বলে তিনি দাবি করেন। জামায়াতের আইটি টিম এসব ষড়যন্ত্র শনাক্ত করেছে বলেও জানান তিনি।
আক্ষেপ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীরাই আজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে তিনি তাদের বিরুদ্ধে কোনো পাল্টা বক্তব্য না দিয়ে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নারীদের ওপর কোনো ধরনের অপমান বা হুমকি বরদাশত করা হবে না। মায়েদের সম্মান না করা হলে আবারও গণআন্দোলন গড়ে উঠতে পারে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।
দেশের অর্থনীতি নিয়ে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার জনগণের কল্যাণ না করে নিজেদের স্বার্থে কাজ করেছে এবং প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ এবং পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার অঙ্গীকার করেন তিনি।
নওগাঁ ও উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করা হবে। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট, আধুনিক মেডিকেল কলেজ এবং আম, কুল ও লিচু সংরক্ষণের জন্য একাধিক হিমাগার নির্মাণ করা হবে।
শিক্ষা ও নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, বংশগত রাজনীতির পরিবর্তে মেধার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। ছাত্রীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার ঘোষণাও দেন তিনি।
সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments