পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে আজাদ হোসেন (৩৩) নামে এক যুবককে রাস্তায় ফেলে অটোবাইক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা মোড়ে ঘটে।
নিহত আজাদ রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সিবাজার এলাকার আলী আজমের ছেলে। তিনি স্ত্রী বর্ষা খাতুনের বাবার বাড়িতে থাকতেন এবং ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন।
আজাদের স্ত্রী বর্ষা খাতুন জানান, তিন মাস আগে আজাদ পরিচিত অটোচালক রনির কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা না দেয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে জিগাতলা মোড়ে পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির সময় রনি আজাদকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং তার ওপর দিয়ে অটো চালিয়ে টেনে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় আজাদকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহতের বাবা আলী আজম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments