Image description

পাবনার ঈশ্বরদীতে বাবার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ বছর বয়সী মোছা জোবায়রা খাতুনের। এ ঘটনায় গুরুতর আহত বাবা জিন্নাহ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের পাবনা-রাজশাহী মহাসড়কের হাসিনাপাড়া এলাকায়। নিহত জোবায়রা খাতুন মুলাডুলি বেতবাড়িয়া গ্রামের জিন্নাহ আলীর মেয়ে এবং বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরাণী মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্নাহ আলী মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগতির ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দু’জনই সড়কের ওপর ছিটকে পড়েন। এতে জোবায়রা ঘটনাস্থলেই মারা যান এবং জিন্নাহ গুরুতর আহত হন। আহত বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঈশ্বরদীর পাকশি হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে, বলে জানিয়েছেন ওসি মো. এজাজ আহমেদ।