Image description

বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তাঁর নিজ বাসভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গোলাম সরোয়ার হিরু। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করলে তিনি শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন।

ঠিক সেই মুহূর্তে ওই পথ দিয়ে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে সাবেক এই সংসদ সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার গোলাম সরোয়ার হিরু বলেন, “বাসা থেকে বের হওয়ার পরপরই কয়েকজন দুর্বৃত্ত লোহার পাইপ দিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।”

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুনের নির্বাচনে যথাক্রমে ইসলামী ঐক্যজোট ও বিএনপি থেকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলেন। ২০১৩ সালের উপ-নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনায় ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর