নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে জিৎ বাগচি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিজয় (১৭) নামের আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিৎ বাগচি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাষ বাগচির ছেলে। আহত বিজয় একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কল্যাণপুর থেকে মোটরসাইকেলযোগে জিৎ ও তার বন্ধু বিজয় লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেতুলবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে জিৎ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত বিজয়কে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments