বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১০। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট এলাকার জনৈক নারী (৪৫) অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের বিষয়টি অস্বীকার করলে ভুক্তভোগী নারী গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২১)।
অভিযুক্ত নুরুজ্জামান সরকার হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট বাজার এলাকার মৃত উমর আলীর ছেলে। তিনি জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে গত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাগেশ্বরী থানার সাব-ইন্সপেক্টর মকবুল হোসেন জানান, র্যাব সদস্যরা আসামিকে গ্রেপ্তারের পর ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করেন। সেখান থেকে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল তাকে নিজেদের হেফাজতে নিয়ে এলাকায় ফিরে আসে।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments