Image description

পটুয়াখালীর কলাপাড়ায় অনৈতিক ভিডিও ফাঁসের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়েছে। 

রোববার কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, গত ১১ মার্চ থেকে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধে আঘাত লাগে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের নির্দেশনা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৫৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। বরখাস্তকালীন সময়ে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন রেজা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েয় প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের একটি ‘অনৈতিক ভিডিও’ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার ঘটনায় উপজেলার সর্বত্র নেতিবাচক আলোচনা শুরু হয়।

প্রধান শিক্ষকের এ ঘটনার পর তদন্ত সহ তার পদত্যাগের দাবি ওঠে।