Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করে ফেসবুকে আপত্তিকর ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৬(১) এর ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন, পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। মামলাটি দায়ের করেছেন পীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছাঃ নাহিদ পারভীন রিপা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই যুবক তাঁর ফেসবুক আইডিতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছবি ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে পোস্ট করছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করে সাম্প্রদায়িক ও জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য প্রচার করেন। মামলার সাক্ষী করা হয়েছে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে কুলসুমকে।

মামলার বাদী নাহিদ পারভীন রিপা বলেন, “সাইবার স্পেসে সামাজিক শান্তি বিনষ্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। পোস্টগুলোর প্রমাণসহ আমরা থানায় এজাহার দিয়েছি।”

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে রাতেই গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।