Image description

নেত্রকোনার কেন্দুয়ায় বসতভিটার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ হারালেন সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলা গ্রামের নূর ইসলামের সঙ্গে প্রতিবেশী শাহীন মিয়া ও বাবুল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল পৌনে ১০টার দিকে শাহীন ও বাবুল মিয়ার পক্ষে একদল ভাড়াটে লোক এস্কেভেটর (ভেকু) নিয়ে বিরোধপূর্ণ জমির মাটি কাটতে যান। নূর ইসলামের পরিবার ও স্বজনরা এতে বাধা দিতে গেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের একপর্যায়ে নূর ইসলাম পক্ষের সাদ্দাম হোসেনের স্ত্রী সোমা আক্তার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, “জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মানবকণ্ঠ/ডিআর