প্রতীকি ছবি
সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন এই ৩ জনের মৃত্যু নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওসমাণী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে—সিলেট নগরীর আব্দুল মুমিন ও সুমি বেগম দম্পতির ৮ মাস বয়সী শিশুসন্তান মাহদি হাসান, দক্ষিণ সুনামগঞ্জের সুনু মিয়ার ৬ মাসের শিশুসন্তান মুস্তাকিন এবং বিশ্বম্ভরপুরের ৭ মাস বয়সী শিশু জারা। তারা সবাই হামের তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১১ শিশু ভর্তি হয়েছে। তবে এই সময়ের মধ্যে সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
নতুন ও পুরনো রোগী মিলিয়ে বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ (সাসপেক্টেড) নিয়ে মোট ৯৫৯ জন শিশু ভর্তি রয়েছে।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশব্যাপী হামের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ মে সকাল পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামের কারণে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ল্যাব টেস্ট ছাড়া কেবল হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশজুড়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ জনে।




Comments