Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধরা বুধবার (২০ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লাইনম্যান শাহিন তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে। এ সময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে।

এদিকে মমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনেরা বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ ঘটনায় শাহীন মিয়া, মজনু মিয়া, মোহন মিয়া, সুমন মিয়া, জাহাঙ্গীর মিয়া ও রুপচাঁন মিয়ার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ তোলা হয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

নিহত মমিনুল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্বজনরা।

অবরোধকারীরা বলেন, “চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ শ্রমজীবী মানুষ অতিষ্ঠ। একজন অটোচালককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্রুত গ্রেফতার ও বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেন। বিক্ষোভকালীন সময়ে যানচলাচলে ধীর গতি থাকলেও যানজট সৃষ্টি হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে নামমাত্রই আমি ঘটনাস্থলে এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।