Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই শোকাবহ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, স্থানীয়ভাবে খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বদ্ধ সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে ভেতরে নামার পরপরই তারা জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। উদ্ধার কাজ শেষ হওয়ার পর নিহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই