লালমনিরহাট সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীন কলসিমুখ বিওপির একটি টহল দল সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন করছিল। রাত ২টার দিকে মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একদল চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবির টহল দল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা নির্দেশ অমান্য করে উল্টো বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চোরাকারবারীদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া দিয়ে বের হয়ে চোরাকারবারীরা বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments