Image description

নরসিংদীর রায়পুরা উপজেলায় একসঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

স্থানীয় সূত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকালে মাদরাসার বিরতির সময় ছয় ছাত্রী একসঙ্গে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানা এবং খালের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় চারজন পানিতে তলিয়ে যায়। এ সময় বাকি দুই ছাত্রী পাড়ে উঠে স্থানীয়দের খবর দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে পানি থেকে তুলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন ঘটনাস্থলেই মারা যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাদের কারোরই শ্বাস-প্রশ্বাস বা হৃদ্‌স্পন্দন পাওয়া যায়নি।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকন্ঠ/এসএস