রাজপথের বর্তমান রাজনৈতিক দলগুলোকে জামায়াতে ইসলামীর ‘বি টিম’ হিসেবে আখ্যায়িত করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।
আনিস আলমগীর বলেন, “বর্তমানে দেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল নিষিদ্ধ অবস্থায় আছে, একটি দল ক্ষমতায় এবং আরেকটি বিরোধী দলে রয়েছে। তবে রাজপথে এখন যেসব রাজনৈতিক দল সক্রিয় রয়েছে, তারা মূলত জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে। এই দলগুলোর বাইরে বর্তমানে আর কোনো প্রকৃত রাজনৈতিক শক্তির অস্তিত্ব রাজপথে দেখা যাচ্ছে না।”
তিনি একটি কার্যকর ও শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দল বিরোধী ভূমিকায় আসা খুবই জরুরি। জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও অতীতে তাদের কিছু ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু সরকারের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাতে গিয়ে তারা মূলত নিজেদেরই রাজনৈতিক ক্ষতি করেছে।”
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি আরও বলেন, “ইউনূস প্রশাসনের শাসনামলে যে দুর্যোগময় সময় আপনারা পার করেছেন, তার পর বর্তমানে দেশে একটি রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। এই মুহূর্তে সরকারকে যেমন সহযোগিতা প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নিজস্ব আদর্শ ও সংগ্রাম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
মানবকণ্ঠ/আরআই




Comments