ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিজ বিভাগের অফিস কক্ষে এক কর্মচারীর হাতে তিনি নৃশংসভাবে খুনের শিকার হন।
শনিবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ৪ মার্চ সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা তাঁর নিজ কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই কমিটি গঠন করেছেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. গোলাম মওলা।
কমিটির অন্য তিন সদস্য হলেন বাংলা বিভাগের অধ্যাপক ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান।
উল্লেখ্য, গত ৪ মার্চ নিজ কার্যালয়ে কাজ করার সময় এক কর্মচারীর অতর্কিত হামলায় নৃশংসভাবে নিহত হন শিক্ষক আসমা সাদিয়া রুনা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments