ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের নিহতের পর দেশটির সেনাবাহিনীতে চরম বিভ্রান্তি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অনেক সামরিক কমান্ডার তাদের ব্যারাক ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দেশটির সাধারণ সেনাসদস্যদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর চালানো অতর্কিত হামলায় খামেনিসহ ডজনখানেক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা নিজেদের অধীনে থাকা সেনাদের পাহারায় রেখে গোপনে ব্যারাক ত্যাগ করেছেন।
লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটির সেনাসদস্যরা জানান, কমান্ডাররা পালিয়ে যাওয়ায় তারা বর্তমানে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক ইরানি সেনা জানান, হামলার আতঙ্কে এবং ব্যক্তিগত নিরাপত্তার ভয়ে অনেক কমান্ডার সেনাদের কোনো নির্দেশনা বা সহযোগিতা ছাড়াই ব্যারাক ছেড়ে চলে গেছেন।
এমনকি বিমান হামলার ভয়ে অনেক সাধারণ সেনাসদস্যরা এখন ঘাঁটির ভেতরে না থেকে বাইরে রাত কাটাচ্ছেন। সেনাদের অভিযোগ, বর্তমান সংকটকালে ইরানি নেতৃত্বের পক্ষ থেকে নিয়মিত বাহিনীর সুরক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এদিকে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। সর্বশেষ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, আজ রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments