উদ্বিগ্ন হওয়ার কারণ নেই ৯ মার্চ আরও দুইটি তেলবাহী জাহাজ আসছে: জ্বালানি মন্ত্রী
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং এ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক বাজারে যুদ্ধের কারণে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জ্বালানি তেলের রেশনিং করা হয়েছিল। কিন্তু এই রেশনিং দেখে আতঙ্কিত হয়ে অনেকে তেল মজুদ করা শুরু করেছেন, যার কোনো প্রয়োজন নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশে তেলের কোনো অভাব নেই।"
সরবরাহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী ৯ মার্চ জ্বালানি তেলবাহী আরও দুটি জাহাজ (ভ্যাসেল) দেশে পৌঁছাবে। ফলে জ্বালানি সংকটের কোনো প্রশ্নই ওঠে না। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। তেলের জন্য সারারাত লাইনে দাঁড়িয়ে থাকার বা তাড়াহুড়ো করে অতিরিক্ত কেনার প্রয়োজন নেই। মানুষ যখনই পাম্পে যাবে, তখনই তেল পাবে।"
যুদ্ধের প্রভাব সম্পর্কে মন্ত্রী বলেন, "যুদ্ধ কতদিন চলবে তা আমাদের জানা নেই, তাই আমাদের কিছুটা হিসাব করে চলতে হচ্ছে এবং সঞ্চয় করতে হচ্ছে। তবে বাজারে শর্টেজ বা ঘাটতি পড়ার কোনো সুযোগ নেই।" এলএনজি সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, এলএনজি আমদানির জন্য কাতার ছাড়াও সরকারের কাছে বিকল্প ব্যবস্থা ও উৎস রয়েছে।
তিনি আরও বলেন, সরকার হিসেবে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, জ্বালানি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments