প্রয়াত স্ত্রীকে নিয়ে ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর বিতর্কিত মন্তব্যের জেরে শোবিজ অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। গত শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে এক ফেসবুক পোস্টে আত্মগোপনে থাকা আলভী তার স্ত্রী আফরা ইভনাত খান ইকরার বিরুদ্ধে মাদকাসক্তি ও পরকীয়ার মতো গুরুতর অভিযোগ আনেন। আলভীর এমন আচরণের কড়া সমালোচনা করে অভিনেত্রী তাসনুভা তিশা একে ‘নোংরা খেলা’ বলে অভিহিত করেছেন।
ফেসবুক পোস্টে আলভী দাবি করেন, তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপানে আসক্ত ছিলেন। শুধু তাই নয়, ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ইকরা ২০১০ সালে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। নিজের মৃত স্ত্রীকে জড়িয়ে এমন সব চাঞ্চল্যকর ও নেতিবাচক তথ্য প্রকাশ্যে আনায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই অভিনেতা।
এই ঘটনার প্রেক্ষিতে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে প্রতিবাদ জানান তাসনুভা তিশা। আলভীর উদ্দেশে তিনি লিখেন, ‘আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।’
তিশা আরও যোগ করেন, ‘এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।’
উল্লেখ্য, ২০১০ সালে মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর গোপনীয়তা রক্ষার পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এই দম্পতির ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে আত্মগোপনে রয়েছেন এই অভিনেতা।
মানবকণ্ঠ/ডিআর




Comments