বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি তেল পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বিশেষ নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এখন থেকে ভারত থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাকের জ্বালানি ট্যাংক পরিমাপ করার পরই সেগুলোকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই কার্যক্রম শুরু করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা প্রতিটি ট্রাকের ট্যাংকে কতটুকু জ্বালানি রয়েছে, তা প্রবেশের সময়ই মেপে দেখা হচ্ছে এবং সেই তথ্য তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করা হচ্ছে। পণ্য খালাস শেষে ট্রাকগুলো যখন পুনরায় ভারতে ফিরে যাচ্ছে, তখন আবারও তেলের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে। এতে করে বাংলাদেশে প্রবেশের সময় যে পরিমাণ তেল ছিল, ফেরার সময় তা একই আছে কি না—তা নিশ্চিত হওয়া যাচ্ছে। মূলত ভারতীয় ট্রাকগুলো যেন এ দেশ থেকে তেল নিয়ে ফিরতে না পারে, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, "দেশের বাজার থেকে ভারতে জ্বালানি তেল পাচার ঠেকাতে এই বিশেষ তল্লাশি ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। শুধু জ্বালানি ট্যাংক নয়, পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পাচার রোধে অন্যান্য পয়েন্টেও বিজিবির নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments