Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন। সহপাঠীদের কাছে তিনি অত্যন্ত বিনয়ী ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন।

হল সূত্রে জানা গেছে, আজ দুপুরে ৪১৩ নম্বর কক্ষে কনিস্ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহপাঠীরা। হৃদয়বিদারক এই দৃশ্য দেখে তাঁরা তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে অবহিত করেন। হল কর্তৃপক্ষ বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সহপাঠীদের ধারণা এটি আত্মহত্যা হতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। কনিস্কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

মানবকণ্ঠ/আরআই