গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার না করলে শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
সোমবার দুপুরে ডুয়েটের প্রধান ফটকের সামনে শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমান উল্লাহ। এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষক থেকে ভিসি নিয়োগ এবং রোববারের সংঘর্ষে জড়িত সবার বিচার।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ দাবিতে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছেন। দলমত–নির্বিশেষে সবাইকে ডুয়েটের এই যৌক্তিক দাবির পক্ষে একত্র হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপনের আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীরা জানান, এক সপ্তাহ ধরে তাঁরা ক্যাম্পাসে এবং স্বল্প সময়ের জন্য ক্যাম্পাসের মূল ফটকের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় ১৭ মে সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটকের ভেতরে অবস্থান কর্মসূচি চলছিল। সকালে ডুয়েট ছাত্রদল ও বাইরের ভাড়াটে সহযোগীদের এনে তারা ডুয়েটের গেট ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা শিক্ষার্থীরা তা প্রতিহত করার চেষ্টা করলে তাঁদের ওপর বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ছাত্রদল ও তাদের বহিরাগত সহযোগীরা। এ সংঘর্ষে ১৮ জন শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে ১২ জন গুরুতর আহত।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনায় গভীর দুঃখ, উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে। শিক্ষক সমিতি বলেছে, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক চর্চার পবিত্র স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলন সংবিধানসম্মত। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে ডুয়েট শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক মো. খসরু মিয়া চলমান আন্দোলনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ শিক্ষককে নিয়োগ দেওয়ার বিষয়ে রেজোল্যুশনের মাধ্যমে সিদ্ধান্ত রয়েছে। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হলে চলমান আন্দোলন প্রশমিত হতে পারে। তবে সরকার যাকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে, তাঁকে অমান্য করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে চলমান সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন শিক্ষক সমিতির নেতারা।
আগের ভিসি অধ্যাপক ড. জয়নাল আবেদীনের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্যই শিবির ও জনশক্তির নেতাকর্মীরা এ আন্দোলন করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বিকেলে ডুয়েটের প্রধান ফটকের বাইরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ডুয়েট শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির ও ছাত্রশক্তি এ আন্দোলন করছে। সাবেক ভিসির অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও টেন্ডার জালিয়াতির অভিযোগ ধামাচাপা দিতেই ক্যাম্পাসে নতুন করে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।




Comments