Image description

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শুক্রবার বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হলের শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হলের নামাজঘর, আসবাবপত্র ও সিসি ক্যামেরাসহ ব্যাপক ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরবর্তীতে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রেজিস্ট্রার অধ্যাপক আবু হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে জানানো হয়, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে জড়িত ৩১ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অপর এক আদেশে উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য সকল আবাসিক হল বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশের আওতামুক্ত থাকবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই