শুক্রবার ঝিনাইদহে জুমার নামাজ শেষে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। পরে সন্ধ্যায় থানায় মামলা করতে গিয়ে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। নিরুপায় হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, ‘প্লিজ সেভ আস’ (দয়া করে আমাদের বাঁচান)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে তার কথা হচ্ছিল। কথা বলার একপর্যায়ে হঠাৎ পেছন থেকে একদল যুবক তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে এবং অতর্কিত হামলা চালায়। এতে স্থানীয় বেশ কয়েকজন এনসিপি নেতাকর্মী আহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপুরের এই হামলার বিচার চাইতে সন্ধ্যায় ঝিনাইদহ থানায় যান নাসীরুদ্দীন পাটোয়ারী ও তার অনুসারীরা। তবে তিনি অভিযোগ করেছেন যে, পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি। উল্টো সেখানেও তারা হামলার শিকার হয়েছেন।
থানায় অবরুদ্ধ অবস্থা থেকে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, "প্রায় এক হাজার ছাত্রদল সন্ত্রাসী রামদা ও দেশীয় অস্ত্র হাতে থানার সামনে অবস্থান নিয়েছে। তারা থানার গেট ভেঙে আমাদের ওপর হামলার চেষ্টা চালাচ্ছে।"
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments