জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের গভীর রাতে ‘ম্যানার’ শেখানোর নামে র্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই বিভাগের ১২ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা সবাই ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। তারা হলেন-সুভাশীষ রায়, নাছিম উদ্দিন মজুমদার, আবু আবতাহী অনিক, নাইমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী সিক্ত, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, শ্রী কার্তিক চন্দ্র রায় ও নাইম আহমেদ সজিব।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শুক্রবার রাত ১১টার দিকে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে ফোন করে প্রথমে মহুয়া মঞ্চে ডাকা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ‘ফরমাল পরিচয়’ ও ‘ম্যানার’ শেখানোর নামে দীর্ঘ সময় মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।
ভুক্তভোগীদের দাবি, এ সময় তাদের বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়, কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং অপমানজনক আচরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়ার পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি প্রক্টরিয়াল বডির সভায় উপস্থাপন করা হবে এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




Comments