সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়া এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মাসিক বেতন-ভাতা) স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওতে প্রধান শিক্ষককে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার এমপিও সুবিধাও স্থগিত রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী। এতে শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা, নৈতিকতা ও পেশাগত মান বজায় রাখতে এ ধরনের আচরণের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।




Comments