Image description

বিচ্ছেদের কয়েক মাসের ব্যবধানে জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গোপনে বিয়ে করার পাশাপাশি প্রথম সন্তানের আগমনের সুখবরও একসঙ্গে জানিয়েছেন তিনি।

চলতি বছরের মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তিনি জানান, বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

এর কয়েক মাস পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদ সজীবকে সঙ্গে নিয়ে হাজির হন মৌসুমী হামিদ। এ সময় প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তার বেবিবাম্প।

অনুষ্ঠানেই অভিনেত্রী জানান, বিয়ে ও মাতৃত্বের খবর এতদিন গোপন রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত। একসঙ্গে দুটি সুখবর দিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন বলেও জানান তিনি। একই সঙ্গে জীবনের নতুন পথচলার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চান।

বিয়ের বিষয়ে মৌসুমী বলেন, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব দীর্ঘ ১৪ বছরের। সময়ের সঙ্গে সেই বন্ধুত্বই ভালোবাসা ও দাম্পত্য সম্পর্কে রূপ নেয়।

তিনি বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।”

কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের মা হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে নিজেই প্রকাশ্যে এসে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।