Image description

সৌদি আরবের ওপর কোনো ধরনের হামলার চেষ্টা বা ইয়েমেনের আকাশসীমা ও সার্বভৌমত্বকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ালে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এ সতর্কবার্তা দেন।

এর আগে শুক্রবার ইরান থেকে ইয়েমেনের রাজধানী সানায় আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি করা হয়। এর জেরে হুতি বিদ্রোহীরা সতর্ক করে জানায়, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এ ঘটনার পর প্রতিক্রিয়ায় তুর্কি আল মালিকি বলেন, হুতিরা ইয়েমেনের সাধারণ মানুষের ওপর চালানো নিপীড়ন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতেই সৌদি আরবকে হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং প্রয়োজন হলে নজিরবিহীন সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, “আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এ ধরনের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তাদের বিমানবন্দরসহ জল ও স্থলের সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।”

তিনি আরও জানান, উত্তেজনা বাড়লেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা।