Image description

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য বিলটি বাছাই কমিটিতে পাঠানো এবং জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও আলোচনা শেষে কণ্ঠভোটে তা নাকচ করা হয়।

নতুন আইনের মাধ্যমে ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ বাতিল করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে আইনটি প্রণয়ন হলেও বিশ্ববিদ্যালয়টি কখনো কার্যক্রম শুরু করতে পারেনি।

শিক্ষামন্ত্রী জানান, নতুন আইনের আওতায় বগুড়ায় বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে এই আইন প্রণয়ন করা হয়েছে।