Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খাঁনকে নতুন জিএস হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মো. রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোলাম রাব্বানীর এমফিলের (MPhil) ছাত্রত্ব নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্তে তার ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক দেওয়া শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রত্ব বাতিলের ফলে তার ডাকসু পদটিও আইনত শূন্য হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতেই সিন্ডিকেট নির্বাচনে রানার-আপ হওয়া রাশেদ খাঁনকে জিএস হিসেবে স্বীকৃতি দেয়।

২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ঐতিহাসিক ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নুরুল হক নুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। একই প্যানেল থেকে জিএস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাশেদ খাঁন, যিনি ওই সময় গোলাম রাব্বানীর কাছে পরাজিত হয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে লিখেন, "আলহামদুলিল্লাহ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেটের শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করে আমাকে (মো. রাশেদ খাঁন) জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।"

ডিআর