Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। উভয়পক্ষই নিজেদের নিয়ন্ত্রণ ভঙ্গ করাই এমনটা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষের শিক্ষকদের সঙ্গে আমরা আলোচনা করে ব্যবস্থা নেবো। 

জানা গেছে, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-১৬ এ ইতিহাস ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের মধ্যে খেলা চলছিল। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র হয়। খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয় পায়। এরমধ্যে দর্শক সাড়িতে থাকা উভয়পক্ষের সমর্থকদের স্লেজিং (কটুকথা) বলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনা খেলোয়ার মধ্যে ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে ইতিহাস বিভাগের গোলরক্ষক আবু সুয়াইব মোহাম্মদ জিম গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয়ই পক্ষের খেলোয়াররাই একে অন্যের প্রতি অভিযোগ তোলেন। 

এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা টুকটুকি বলেন, খেলাটি শুরু থেকে সুন্দরভাবেই চলছিল। টাইব্রেকারে ইতিহাস বিভাগ জেতার পর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেটা সংঘর্ষে রূপ নেয়। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। এতে খেলার সুষ্ঠু পরিবেশ রক্ষা হবে।
এমআর