চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরিফুল আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ড. শেখ শরিফুল আলম।
দায়িত্ব গ্রহণের পর এক লিখিত পত্রে ড. শেখ শরিফুল আলম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তিনি চুয়েটের উপাচার্য পদে যোগদান করেছেন। এ-সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, চ্যান্সেলরের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন তিনি।
জানা গেছে, ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের জুন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. শেখ শরিফুল আলম। পরবর্তীতে ২০০৪ সালের ৩০ জুন থেকে চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এসএ




Comments