Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষককে ‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

হুমকি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও কৌশিক সরকার।

নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন জানান, তাকে ফোন করে কারাগারে থাকা কর্মীদের জামিনের খরচের জন্য টাকা দাবি করা হয়। পরপর দুবার তার কাছে ফোন আসে। প্রথমবার ব্যস্ত থাকায় কথা বলতে না পারলেও প্রায় দুই ঘণ্টা পর আবার ফোন পেয়ে কলদাতার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন তিনি।

শাহরিয়ার হোসেন বলেন, ফোনে তার কাছে জানতে চাওয়া হয় তিনি কত টাকা দিতে পারবেন। একপর্যায়ে কলদাতা তাকে হুমকি দিয়ে টাকা প্রস্তুত রাখতে বলেন এবং নিজেকে সিরাজ শিকদারের ছোট ভাই হিসেবে পরিচয় দেন।

পরে নিরাপত্তা চেয়ে মতিহার থানায় জিডি করেন অধ্যাপক শাহরিয়ার। তিনি জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে জানতে পারেন, একই ধরনের প্রতারণামূলক ফোন কয়েকদিন পরপর বিভিন্ন শিক্ষকের কাছে আসছে।

অধ্যাপক শাহরিয়ারের দাবি, পুলিশ নম্বরটি ট্র্যাক করে জানতে পেরেছে, কলটি মাদারীপুর থেকে করা হয়েছে। সিমটি রেজাউল করিম নামে এক ব্যক্তির পরিচয়ে নিবন্ধিত।

আরেক ভুক্তভোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, তাকে ফোন করে ‘সর্বহারা’ পরিচয় দেওয়া হলে তিনি বেশি কথা না বাড়িয়ে কল কেটে দেন। পরে জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক একই ধরনের ফোন পেয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেছে এবং একটি জিডিও করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসএস