Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচনের আগে পক্ষপাতহীন পুলিশিং নিশ্চিত করতে জেলা পর্যায়ের এসপি ও মহানগরের বাইরের ওসিদের মতো ডিএমপির ওসিদেরও লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

বদলি আদেশের পর্যালোচনা অনুযায়ী, ডিএমপির ৫০টি থানার মধ্যে ৪৬ জন কর্মকর্তা বর্তমানে বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাদের লটারির মাধ্যমে এক থানা থেকে অন্য থানায় পাঠানো হয়েছে। বাকি চারটি থানায় এমন চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এর আগে ওসির দায়িত্বে ছিলেন না। এছাড়া বিমানবন্দর, দারুসসালাম, মিরপুর মডেল ও বনানী থানার বর্তমান ওসিদের গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

একই দিনে ডিএমপির লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগসহ মোট ১২টি বিভাগের উপকমিশনার (ডিসি) পদে রদবদল আনা হয়েছে। ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত পৃথক আদেশে এই কর্মকর্তাদের নতুন দায়িত্ব বণ্টন করা হয়। আদেশে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) ডিসিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দক্ষিণেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, অপর এক আদেশে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. মহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবার পুলিশের মাঠ প্রশাসনে নজিরবিহীনভাবে লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ৫২৭টি থানার ওসি চূড়ান্ত করা হয়, যেখানে ৭৪ জন নতুন মুখ স্থান পান। তারও আগে গত ২৬ নভেম্বর ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) একইভাবে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছিল।