রাজধানীর নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নদ্দা ফুটওভার ব্রিজের নিচের ওই দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা বেশি হওয়ায় মুহূর্তের মধ্যেই আশপাশের মানুষের মাঝেও ভীতির সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। আগুন রাত ৯টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদ আসেনি।
মানবকণ্ঠ/আরআই




Comments