Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার তদবিরের চেয়ে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তদবিরের আধিক্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আমার কাছে খালি তদবির আর তদবির আসে। এসব তদবিরের বেশিরভাগই পোস্টিং-টোস্টিং সংক্রান্ত। যেগুলো যৌক্তিক বা প্রয়োজন আছে, সেগুলো তো করতেই হবে। কিন্তু এসব তদবিরকেই যদি প্রধান কাজ হিসেবে গুরুত্ব দিই, তাহলে তো মুশকিল হবে।" তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, বিএনপি সরকার সব ক্ষেত্রে তদবিরের বদলে মেধার মূল্যায়ন করবে।

তরুণ প্রজন্মকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "আমাদের ছেলেরা শুধু ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে তো সবার চাকরি পাওয়া সম্ভব নয়। নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ শুরু করতে হবে। শুধু 'অমুক ভাইকে একটু বলে দেন'—এমন সুপারিশনির্ভর মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল জানান, সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে। এ সময় তিনি ঠাকুরগাঁও জেলা সমিতির ভেতরের যেকোনো ধরনের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই