Image description

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য পেতে ১ কোটি (১০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই বড় অঙ্কের পুরস্কারের কথা জানানো হয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর পর ইরানজুড়ে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে, ঠিক সেই মুহূর্তেই ওয়াশিংটন এই ঘোষণা দিল।

মার্কিন বিজ্ঞপ্তিতে যাঁদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন— ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তাঁর ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি, সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, উপদেষ্টা আলি লারিজানি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা ও নিরাপত্তামন্ত্রী ইসমাইল খাতিব।

এর পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নাম ও ছবি প্রকাশ না করা আরও চারজন পদস্থ কর্মকর্তার (প্রতিরক্ষা পরিষদের সচিব, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, সর্বোচ্চ নেতার কার্যালয়ের সামরিক প্রধান এবং আইআরজিসি কমান্ডার) তথ্যও তলব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এই ব্যক্তিরা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ছক কষা, পরিচালনা ও তা বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত। এতে আরও বলা হয়, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আইআরজিসি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণের পাশাপাশি দেশটির পররাষ্ট্রনীতি বাস্তবায়নেও প্রধান ভূমিকা পালন করে আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, এসব নেতার বিষয়ে যারা গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবেন, তাদের আর্থিক পুরস্কারের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে 'স্থানান্তর' করার সুবিধাও বিবেচনা করা হতে পারে।

সূত্র : সিএনএন।

মানবকণ্ঠ/আরআই