Image description

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (নিবিড় পর্যবেক্ষণ) রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটায় চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে দেশেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রথম দফার অস্ত্রোপচার শেষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর দ্বিতীয় দফায় তার মস্তিষ্কে পুনরায় অস্ত্রোপচার করা হয়।

এদিন জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন। অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ ও অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রবীণ এই রাজনীতিবিদের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই