Image description

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বিকেলে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটিই হবে তার প্রথম জনসভা।

শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। 

বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।

শ্রমিক দল সূত্র জানায়, সমাবেশের দিন ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করবে। তবে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া সমাবেশে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও থাকবে।