Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে রাজধানী ছাড়ছে মানুষ। তবে ঘরমুখো যাত্রীদের এই আনন্দযাত্রায় ম্লান করে দিয়েছে গণপরিবহন সংকট। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে চরম ভোগান্তির চিত্র। কাউন্টারগুলোতে বাস নেই, মিলছে না টিকিটও; অথচ টিকিটের আশায় শত শত মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও অধিকাংশ যাত্রী টিকিট সংগ্রহ করতে পারছেন না। যাত্রীদের অভিযোগ, বাস সংকটের সুযোগ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া আদায় করছেন। ৪৫০ টাকার নিয়মিত ভাড়া বর্তমানে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এমনকি বাড়তি টাকা দিতে রাজি হলেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট।

ভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট নেই। অথচ কিছু বাস ছেড়ে যাচ্ছে যেগুলোতে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। এই ভোগান্তির শেষ কোথায়?”

অন্যদিকে, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্টার কর্তৃপক্ষ। তাদের দাবি, যানজট এবং পর্যাপ্ত বাস না থাকায় এই সংকট তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে বাসগুলো দেরিতে ফিরছে, যার ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে টিকিট বিক্রিতে কোনো অনিয়ম হচ্ছে না বলে তারা দাবি করেন।

ঈদের সময় প্রতিবছরই মহাখালী টার্মিনালে এমন চিত্র দেখা গেলেও এবার শেষ মুহূর্তে ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘরমুখো মানুষের এই দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

মানবকণ্ঠ/আরআই