পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে বৃহস্পতিবার (১৯ মার্চ) শিল্পাঞ্চলগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থেও এসব নির্দিষ্ট শাখা বিশেষ সেবা প্রদান করছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। গত ১৮ মার্চ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও পোশাক খাতের জরুরি প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে বিশেষ প্রয়োজনে খোলা রাখা শাখাগুলোর তালিকা পাওয়া গেছে:
প্রাইম ব্যাংক: আগ্রাবাদ (চট্টগ্রাম), নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ: আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকা হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখা।
ব্র্যাক ব্যাংক: মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা।
সিটি ব্যাংক: উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়া শাখা।
এনসিসি ব্যাংক: মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইল শাখা।
শাহ্জালাল ইসলামী ব্যাংক: ফরেন এক্সচেঞ্জ শাখা।
প্রিমিয়ার ব্যাংক: মতিঝিল, কারওয়ান বাজার ও গুলশান শাখা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ শিল্পাঞ্চলীয় শাখাগুলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকারি ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা পাবেন। মূলত পোশাকশিল্পের আর্থিক লেনদেন সচল রেখে শ্রমিকদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments