Image description

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দুই পেশাদার ‘শুটার’কে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে হত্যার সরাসরি মিশনে অংশ নিয়েছিল এই দুই শুটার। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ র‍্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিহত গোলাম কিবরিয়া কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামক একটি দোকানে অবস্থানকালে তিন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছুড়ে হত্যা করে।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। রিকশাটি দ্রুত না চালানোয় তারা চালকের কোমরেও গুলি করে তাকে গুরুতর আহত করে।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্তের পর র‍্যাব এই দুই মূল শুটারকে গ্রেপ্তার করতে সক্ষম হলো।

র‍্যাব কর্মকর্তারা আশা করছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং নেপথ্যের কারণ সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

মানবকণ্ঠ/আরআই