কয়েক দিনের অসহ্য তাপদাহ আর ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়, যা শহরবাসীকে প্রচণ্ড গরম থেকে বড় ধরনের মুক্তি দিয়েছে।
বিকেল ২টা থেকেই ঢাকার আকাশে ঘন মেঘ জমতে শুরু করে। বিকেল ৪টার দিকে মেঘের ঘনঘটা এতটাই বেড়ে যায় যে, দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমে আসে। এরপরই শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি।
রাজধানীর বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি ও হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টির এই শীতল পরশে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অফিস ফেরত অনেক যাত্রী বৃষ্টির কারণে পথে আটকে গেলেও গরম কমার খুশিতে তাঁদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার চেয়েও বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সময় বজ্রপাত ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
অপর এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমি-র বেশি) বর্ষণ হতে পারে। অতিরিক্ত বৃষ্টির ফলে এসব অঞ্চলের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments